কবি মতিউর রহমান মল্লিকের স্মরণসভা অনুষ্ঠিত

‘কবি মতিউর রহমান মল্লিক ছিলেন সুস্থ সংস্কৃতির বাতিঘর। তিনি তার ক্ষুরধার লেখনী ও সুরের মাধ্যমে শোষিত ও বঞ্চিত মানুষের হৃদয়ে জাগরণের বার্তা পৌঁছে দিয়েছেন। অপসংস্কৃতির ভিড়ে সত্য ও সুন্দরের চর্চায় তার অবদান যুগ যুগ ধরে তৌহিদী জনতাকে অনুপ্রাণিত করবে।’

নিজস্ব প্রতিবেদক
কবি মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
কবি মতিউর রহমান মল্লিকের স্মরণসভা |নয়া দিগন্ত

বাংলা ইসলামী সংস্কৃতির কালজয়ী কবি ও সুরকার মতিউর রহমান মল্লিকের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আবেগঘন সঙ্গীত সন্ধ্যা ও স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগ।

বুধবার (১২ আগস্ট) মাগরিবের পর স্থানীয় একটি মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পল্টন থানা সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগের সভাপতি শিল্পী এখলাসুর রহমানের সভাপতিত্বে এবং শিল্পী ইকবাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পল্টন থানার আমির অ্যাডভোকেট মারুফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মারুফুল ইসলাম বলেন, কবি মতিউর রহমান মল্লিক ছিলেন সুস্থ সংস্কৃতির বাতিঘর। তিনি তার ক্ষুরধার লেখনী ও সুরের মাধ্যমে শোষিত ও বঞ্চিত মানুষের হৃদয়ে জাগরণের বার্তা পৌঁছে দিয়েছেন। অপসংস্কৃতির ভিড়ে সত্য ও সুন্দরের চর্চায় তার অবদান যুগ যুগ ধরে তৌহিদী জনতাকে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তি ও থানার নেতারা। কবি মল্লিকের স্মৃতিচারণ করে বক্তারা তার কর্ম ও জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার স্বপ্নের সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে কবি মতিউর রহমান মল্লিকের লেখা ও সুর করা জনপ্রিয় ইসলামী গান ও কালজয়ী কবিতা পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পীরা।

স্মরণসভা ও সঙ্গীত সন্ধ্যায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্টন থানা কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম, মোশাররফ হোসাইনসহ স্থানীয় বিশিষ্ট শিল্পীবৃন্দ এবং সাংস্কৃতিক অনুরাগী সাধারণ শ্রোতা। অনুষ্ঠান শেষে মরহুম কবির রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।