ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, দীর্ঘ সময়ের স্বৈরশাসনের কারণে দেশের শিল্প-সংস্কৃতি ও গণতান্ত্রিক চর্চা ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, একসময় দেশের চলচ্চিত্র শিল্পের স্বর্ণালি সময় ছিল। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই অবস্থার অবনতি হয়েছে। তিনি সংস্কৃতিচর্চার প্রসারে তরুণদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষায় তরুণ সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জনগণের আস্থা অর্জনের জন্য রাজনৈতিক দলগুলোকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি মনোযোগী হতে হবে।
সংগঠনের সভাপতি রুবিনা আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, যুবদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ।
অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘অনুরাগ সম্মাননা’ দেয়া হয়। পরে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সবশেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


