কুড়িগ্রামের রাজারহাটে নদীতে মাছ ধরতে গিয়ে বৈদ্যুতিক সংযোগের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: রুবেল মিয়া (২৬) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের পূর্বদেবত্তর গ্রামের বুড়িদাহ নদীতে এ ঘটনা ঘটে।
জেলে রুবেল মিয়া হরিদশ্বর তালুক গ্রামের রশিদ মোল্লার ছেলে।
আহতরা হলেন মোজাম্মেল হক (২৮), আব্দুর রহমান (৩২), আমিনুল ইসলাম (১৯), শাকিল মিয়া (২২) ও আনিছুর মিয়া (২৯)। তাদের সবার বাড়ি হরিদশ্বর তালুক গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কয়েকজন জেলে বুড়িদাহ নদীতে মাছ ধরতে যান। এ সময় একটি বৈদ্যুতিক সংযোগের খুটি ভেঙে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। তবে রুবেল মিয়ার মৃত্যু হয়।
রাজারহাট থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


