নওগাঁর রাণীনগরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রির দায়ে তিনজন ডিলারকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে উপজেলার আবাদপুকুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।
আদালত সূত্র জানায়, চলতি আমন মৌসুমে সারের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে কৃষকদের কাছে বেশি মূল্যে সার বিক্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার আবাদপুকুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার ডিলার সাইফুল ইসলামকে আট হাজার, আব্দুল হান্নানকে ছয় হাজার ও অনিয়মিত দোকান পরিচালনার দায়ে গোলাম রাব্বানী দপ্তরিকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন চৈতি, সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ও থানা পুলিশ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।


