জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর, সুনামগঞ্জের যৌথ উদ্যোগে প্রতিবেশগত সঙ্কটাপন্ন এলাকা (ইসিএ) টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পরিচালিত অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৫ ধারা লঙ্ঘন করে টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের অপরাধে আটটি ইঞ্জিনচালিত নৌকার বিরুদ্ধে আটটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট সাত হাজার ৫৫০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, সুনামগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাব্বির হোসেন শাওন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদফতর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো: সাইফুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন তাহিরপুর থানা পুলিশের সদস্যরা।
অভিযানকালে পরিবেশ অধিদফতর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণকারী হাউজবোট ও পর্যটকদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পর্যটকদের টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকা, জলজ ও স্থলজ জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করে— এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
পরিবেশ অধিদফতর, সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক মো: মোহাইমিনুল হক বলেন, ‘টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি ও রামসার সাইট। এ হাওরের জীববৈচিত্র্য, জলজ পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে পর্যটক ও পর্যটনসংশ্লিষ্ট নৌযান পরিচালনাকারীদের পরিবেশ সংরক্ষণে বিদ্যমান আইন ও বিধিনিষেধ মেনে চলতে হবে।’
তিনি আরো বলেন, ‘টাঙ্গুয়ার হাওর ইসিএ এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদফতরের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ, পরিবেশ দূষণ ও জীববৈচিত্র্যের ক্ষতি হয়— এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসাথে পর্যটক ও স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম আরো জোরদার করা হবে।’


