ইউএফটিবিতে জাতীয় রোবোটিক্স উৎসব ‘রোবোফিউশন ১.০’ অনুষ্ঠিত

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মূল লক্ষ্য রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন প্রযুক্তিতে দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী সক্ষমতা প্রদর্শনের সুযোগ সৃষ্টি করা এবং তাদের প্রবলেম-সলভিং দক্ষতা বৃদ্ধি করা।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
অতিথিরা
অতিথিরা |নয়া দিগন্ত

প্রযুক্তিপ্রেমী তরুণদের মেধা বিকাশ, উদ্ভাবনী প্রতিভার বিকাশ ও রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে তরুণদের আগ্রহ বাড়াতে গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে অনুষ্ঠিত হয়েছে জাতীয় রোবোটিক্স উৎসব ‘রোবোফিউশন ১.০’।

শনিবার (৮ আগস্ট) সকালে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (ইউএফটিবি) রোবোটিক্স ক্লাবের আয়োজনে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে সারাদেশ থেকে সাড়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় মোট ১৬৬টি নিবন্ধিত দল বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে।

প্রতিযোগিতার ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে লাইন ফলোয়িং রোবট, রোবো সকার, টেকাথন, প্রজেক্ট শোকেস এবং বোট রেসিং। লাইন ফলোয়িং রোবট প্রতিযোগিতায় ৩৩টি দল, রোবো সকারে ২০টি দল, টেকাথনে ৩৫টি দল, প্রজেক্ট শোকেসে ৬৫টি দল এবং বোট রেসিংয়ে ১৩টি দল অংশ নেয়।

সকাল ১১টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের ভিসি অধ্যাপক ড. মো: মোক্তার আলী।

প্রধান অতিথির বক্তব্যে ডাকমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বর্তমান সময়ে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের তরুণদের শুধু প্রযুক্তি ব্যবহারকারী হিসেবে নয়; বরং প্রযুক্তি উদ্ভাবন ও সমস্যা সমাধানের নেতৃত্ব দেয়ার সক্ষমতা অর্জন করতে হবে।’

তিনি আরো বলেন, ‘রোবোটিক্সের মতো প্রযুক্তি শুধু প্রতিযোগিতার বিষয় নয়; এর সাথে ভবিষ্যতের শিল্প, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, পরিবহনসহ বিভিন্ন খাতের উন্নয়ন জড়িত। তাই শিক্ষার্থীদের এখন থেকেই গবেষণা, উদ্ভাবন ও বাস্তব সমস্যার সমাধানে নিজেদের প্রস্তুত করতে হবে।’

সভাপতির বক্তব্যে ইউএফটিবির ভিসি অধ্যাপক ড. মো: মোক্তার আলী বলেন, ‘ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ একটি প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয় হিসেবে দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে কাজ করছে। রোবোফিউশন ১.০ সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।’

অনুষ্ঠানের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব আশিকুচ্ছালেহীন বলেন, ‘রোবোফিউশন ১.০-এর মূল উদ্দেশ শুধু একটি প্রতিযোগিতার আয়োজন করা নয়; বরং দেশের তরুণ প্রজন্মকে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির সাথে আরো নিবিড়ভাবে সম্পৃক্ত করা।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো: মজিবুর রহমান, সংরক্ষিত নারী আসন-১৬-এর সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো: মামুনুর রশীদ ভূঁইয়া।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি-এর অধ্যাপক ও ইউএফটিবির প্রাক্তন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া, ইএটিএল ইনোভেশন হাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এইচকিউ) মোহাম্মদ ইউসুফ আলী।

দিনব্যাপী অনুষ্ঠানে প্রতিযোগিতার পাশাপাশি তরুণদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন আয়োজন করা হয়। লাইন ফলোয়িং রোবট প্রতিযোগিতায় নির্ধারিত ট্র্যাকে স্বয়ংক্রিয়ভাবে রোবট পরিচালনা, রোবো সকারে রোবটের মাধ্যমে প্রতিযোগিতামূলক ফুটবল, টেকাথনে কোডিং ও তাৎক্ষণিক সমস্যা সমাধান, প্রজেক্ট শোকেসে প্রযুক্তিনির্ভর প্রকল্প ও গবেষণা প্রদর্শন এবং বোট রেসিংয়ে জলপথে রোবোটিক নৌযানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া বিকেল সাড়ে ৩টার দিকে তরুণদের প্রযুক্তিগত দিকনির্দেশনা দিতে একটি টেকনিক্যাল প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। এতে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন এবং ভবিষ্যৎ প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রোবোফিউশন ১.০-এর মূল লক্ষ্য হলো রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন প্রযুক্তিতে দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী সক্ষমতা প্রদর্শনের সুযোগ সৃষ্টি করা এবং তাদের প্রবলেম-সলভিং দক্ষতা বৃদ্ধি করা।

বিকেল সাড়ে ৫টার দিকে বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী জাতীয় রোবোটিক্স উৎসব ‘রোবোফিউশন ১.০’-এর সমাপ্তি ঘটে।