বুড়িচংয়ে মাদক সেবনের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার মিথিলাপুর খেয়াঘাটের পূর্ব পাশে তাকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
গ্রেফতার বুড়িচং উপজেলা যুবলীগ নেতা মো: আদনান হায়দার
গ্রেফতার বুড়িচং উপজেলা যুবলীগ নেতা মো: আদনান হায়দার |নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচংয়ে মাদক সেবনের অভিযোগে উপজেলা যুবলীগ নেতা মো: আদনান হায়দারকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার মিথিলাপুর খেয়াঘাটের পূর্ব পাশে তাকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

গ্রেফতার আদনান হায়দার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দারের ছেলে। তিনি উপজেলার সিন্দুরিয়া পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে বুড়িচং থানার একটি টহল দল মিথিলাপুর খেয়াঘাটের পূর্ব পাশে অভিযান চালায়। এ সময় পুলিশ সেখানে এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় দেখতে দেখতে পায়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তার পরিচয় জানা যায়।

পুলিশ জানায়, আটকের পর মাদক সেবনের বৈধ লাইসেন্স বা পারমিট আছে কি না জানতে চাওয়া হলে আদনান হায়দার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার অ্যালকোহল সেবনের বিষয়ে মতামত দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে পুলিশের নথি যাচাই করে আদনান হায়দারের বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। বুড়িচং থানায় ২০২২ সালে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা এবং কুমিল্লা সদর দক্ষিণ থানায় ২০২৪ সালে দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে আরো দু’টি মামলা থাকার তথ্য এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা পূর্বের মামলাগুলোর তথ্যও যাচাই করা হচ্ছে।