লালপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর তীর থেকে একটি স্পিডবোটের ভেতর গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার চর জাজিরা মৌজার পদ্মা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আজিজুল হক ঝড়ু (৩৫) নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাবনাপাড়া এলাকার আব্দুল শেখের ছেলে।
পুলিশ জানায়, কুষ্টিয়ার দৌলতপুর ও রাজশাহীর বাঘা উপজেলার হবিরচর এলাকায় বালুমহলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনার পর পদ্মা নদীসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় বিকেল সাড়ে ৩টার দিকে চর জাজিরা এলাকায় একটি স্পিডবোটের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় আজিজুল হক ঝড়ুর লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে দেখা গেছে, তার বাম চোখের ওপরে গুলির চিহ্ন রয়েছে এবং গুলি মাথা ভেদ করে বেরিয়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি সবুজ-নীল রঙের স্পিডবোটও জব্দ করা হয়েছে।
খবর পেয়ে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে আইনি কার্যক্রম শুরু করেন। এ সময় লালপুর থানা পুলিশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি চারঘাট এলাকার একটি বালু উত্তোলন পয়েন্টে কাজ করতেন। বালুমহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত এগিয়ে নেয়া হবে।



