রংপুরে জ্বালানি তেল পরিমাপে কম দেয়ার অভিযোগে ওমর ফিলিং স্টেশন নামের একটি পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৮ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো: শাহান এই জরিমানা করেন।
অভিযান সূত্রে জানা গেছে, বিকেলে নগরীর মাহিগঞ্জ সাতমাথা মোড়ে মেসার্স ওমর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিমাণে কম দেয়ার বিষয়টি প্রমাণিত হয়। পরে পরীক্ষা করে দেখা যায় ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটারে পরিমাপে ৫৮০ মিলিলিটার অকটেন ও পেট্রল কম দিচ্ছিল।
অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির মালিক ওমর আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতটির প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো: আহসা হাবিব।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো: শাহান বলেন, ‘আমাদের কাছে আরো বেশ কিছু ফিলিং স্টেশনে পরিমাপে কম দেয়ার অভিযোগ রয়েছে। আমরা সেগুলোতেও অভিযান পরিচালনা করব। কাউকে কোনো ছাড় দেয়া হবে না।’


