রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাপের দংশনে অলংকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আরিফার (১১) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সাপের দংশনে আহত তার মা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১০ আগস্ট) ভোররাতে উপজেলার নারুয়া ইউনিয়নের চাপলবাঘা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, আরিফা ও তার মা প্রতিদিনের মতো খাবার খেয়ে তাদের বসতঘরে একই বিছানায় ঘুমিয়ে ছিল। ভোররাতের দিকে ঘুমন্ত অবস্থায় সাপের দংশনে আক্রান্ত হয় আরিফা ও তার মা। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফার মৃত্যু হয়।
তার মা বর্তমানে ফরিদপুরের হাসপাতালে আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
অলংকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন বলেন, ‘বিষধর সাপের কামড়ে আরিফার মৃত্যু হয়েছে। তার মায়ের অবস্থাও সংকটাপন্ন। মহান রাব্বুল আলামিন তার মাকে যেন দ্রুত সুস্থ করে দেন।’


