কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬ লাখ পিস ইয়াবা ট্যাবলেট, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার ৩৪ ও উখিয়ার ৬৪ ব্যাটালিয়ন বিজিবির পৃথক অভিযানের সময় আটক হয়েছে দুইজন পাচারকারীও।
সোমবার (১০ আগস্ট) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খাইরুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান ঘুমধুমের নয়াপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মাদকভর্তি ব্যাগগুলো ফেলে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি ব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যাগগুলো থেকে ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়। তবে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি অধিনায়ক আরো জানান, শীঘ্রই মাদকের নতুন তালিকা তৈরি করা হবে। অভিযান আরো জোরদার করা হয়েছে এবং সীমান্তে আগের তুলনায় বিজিবির সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে বলে জানান অধিনায়ক।
অপরদিকে, উখিয়া ৬৪ বিজিবির পালংখালী বিওপির পৃথক অভিযানে নাফ নদীপথে ইয়াবা পাচারের সময় ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ পাচারকারীকে আটক করা হয়েছে।
গ্রেফতার দুই আসামি হলেন— টেকনাফ থানাধীন কাটাখালী হাতিমারা গ্রামের বাসিন্দা নুর বশর (২২) এবং উলুবনিয়া গ্রামের আবুল ফয়েজ (২৫)।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন।


