চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদফতর ও ওয়েভ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে, ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এবং ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন ‘ইয়ুথ গ্রিন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রজেক্টের’ আওতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা যুব উন্নয়ন ভবন থেকে র্যালিটি শুরু হয়।
এদিন সকাল ১০টায় চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদফতর থেকে র্যালি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে তরুণরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে পরিবেশবান্ধব উদ্যোগ, সবুজ উদ্যোক্তা তৈরি এবং টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয় জানান।
র্যালি শেষে চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদফতরের ডেপুটি কো-অর্ডিনেটর নাজমুল কবির প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণরা ভিন্ন ভিন্ন বাস্তবতা থেকে এলেও তাদের আকাঙ্ক্ষা সাম্যভিত্তিক, সবুজ ও সমৃদ্ধ একটি পৃথিবী গড়ে তোলা।
আলোচনা শেষে যুবক ও পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ইয়ুথ গ্রিন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রজেক্টের মূল লক্ষ্য সম্ভাবনাময় তরুণদের পরিবেশবান্ধব ব্যবসায়িক উদ্যোগে উদ্বুদ্ধ করা এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের সবুজ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করাই প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার শিল্পী মণ্ডল, যুব উন্নয়ন অধিদফতরের সহকারী পরিচালক শাহজাহান আলী, অন্বেষা নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক লিজা হোসাইন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জামান আক্তার, ওয়েভ ফাউন্ডেশনের চুয়াডাঙ্গার উপপরিচালক জহির রায়হান ও প্রকল্প সমন্বয়কারী শরিফুল আলম।
এ ছাড়া যুব উন্নয়ন অধিদফতর ও ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা, স্থানীয় যুবসমাজ, পরিবেশকর্মী এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কানিজ সুলতানা ও জিল্লুর রহমান রাজার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালনা করেন মাহবুব হোসাইন।


