নাটোরে ৩৫ বছর বেদখলে থাকা ১৪ কোটি টাকার জমি উদ্ধার

নাটোর শহরের দক্ষিণ চৌকিরপাড় এলাকায় দীর্ঘ ৩৫ বছর ধরে বেদখলে থাকা প্রায় ১৪ কোটি টাকা মূল্যের ১ দশমিক ৩৭ একর সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন।

নাটোর প্রতিনিধি

Location :

Natore
নাটোরে ৩৫ বছর বেদখলে থাকা ১৪ কোটি টাকার জমি উদ্ধার
নাটোরে ৩৫ বছর বেদখলে থাকা ১৪ কোটি টাকার জমি উদ্ধার |নয়া দিগন্ত

নাটোর শহরের দক্ষিণ চৌকিরপাড় এলাকায় দীর্ঘ ৩৫ বছর ধরে বেদখলে থাকা প্রায় ১৪ কোটি টাকা মূল্যের ১ দশমিক ৩৭ একর সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন।

হোমিওপ্যাথি কলেজসংলগ্ন মূল্যবান এই সম্পত্তিটি এতদিন একই মহল্লার মহসিন আলী ওরফে সোনার দখলে ছিল।

প্রশাসন সূত্রে জানা গেছে, জমিটি সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। প্রাকৃতিকভাবে রূপান্তরিত হয়ে এটি বর্তমানে পুকুর হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। দীর্ঘদিন ধরে জমিটি অবৈধ দখলে থাকায় সম্প্রতি প্রশাসনের নজরে আসে। পরে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাদের নেতৃত্বে অভিযান চালিয়ে জমিটি উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযান পরিচালনা করেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আজাহার আলী ও নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: ফরহাদ হোসেন।

এ সময় নাটোর পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো: মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অভিযানের পর উদ্ধার করা জমির চারপাশে লাল নিশানা টাঙিয়ে দেয়া হয়। একই সাথে জমির ওপর জেলা প্রশাসকের মালিকানার সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সরকারি সম্পত্তিটি পুনরায় প্রশাসনের নিয়ন্ত্রণে নেয়া হয়।

নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: ফরহাদ হোসেন বলেন, ‘জমিটি সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সম্পত্তি। প্রাকৃতিকভাবে রূপান্তরিত হয়ে পুকুরে পরিণত হওয়া এই জমি প্রায় ৩৫ বছর ধরে বেদখলে ছিল। প্রশাসনের উদ্যোগে গত সোমবার জমিটি উদ্ধার করে সরকারি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।’

তিনি আরো জানান, উদ্ধার করা সম্পত্তিটি সায়রাত খাস জমি হিসেবে শ্রেণিভুক্ত করে সরকারি নিয়ম অনুযায়ী পরবর্তী সময়ে লিজ দেয়ার ব্যবস্থা করা হবে।

প্রশাসনের এ উদ্যোগে দীর্ঘদিন পর সরকারি মূল্যবান সম্পত্তি দখলমুক্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।