যশোর অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল এমপি বলেছেন, গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হলেও গণভোটের ফলাফল বাস্তবায়ন করা হয়নি। এ কারণে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে তিনি অভিযোগ করেন।
শনিবার বিকেলে যশোর শহরের মণিহার চত্বরে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জেলা জামায়াত আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক গোলাম রসুল বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনে বহু তরুণ প্রাণ দিয়েছেন। ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে প্রায় ১ হাজার ৬০০ জন নিহত এবং ৪০ হাজার মানুষ আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। তাদের মধ্যে অনেকে হাত-পা ও চোখ হারিয়ে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে মানুষ দুর্নীতি, চাঁদাবাজি, দলীয়করণ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রত্যাশা করেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জনগণ আবারও দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণের ঘটনা দেখতে পাচ্ছে। তাই গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তিনি।
মিছিলপূর্ব সমাবেশে অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর ছিদ্দিকী, অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি, জেলা সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও মাওলানা রেজাউল করিম, জেলা কর্মপরিষদের সদস্য আবুল হাশিম রেজা, নুর-ই-আলী নূর মামুন, জয়নাল আবেদীন, শহর শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসমাইল হোসেন, অভয়নগর উপজেলা আমির সরদার শরিফ হোসেন এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম হান্নান।
এ সময় জেলা প্রচার সেক্রেটারি শাহাবুদ্দীন বিশ্বাস, চৌগাছা উপজেলা আমির মাওলানা গোলাম মোরশেদ, মণিরামপুর উপজেলা আমির ফজলুল হক, শহর শাখার সেক্রেটারি ইমরান হোসাইন এবং সদর উপজেলা সেক্রেটারি আব্দুল হকসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


