নারায়ণগঞ্জের বন্দরে মাসুম রানা হত্যা মামলার মূল আসামি মো: রাসেল রানাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ২৬ নম্বর ওয়ার্ড বন্দরের সোনাচড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাসেল বন্দরের সোনাচড়া এলাকার মরহুম আবদুল বারেকের ছেলে। নিহত মাসুম ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
জানা গেছে, নিখোঁজের ছয় দিন পর ৪ জুলাই বন্দরের ঢাকেশ্বরী এলাকার একটি ডোবা থেকে মাসুমের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত মাসুমের স্ত্রী সুমা আক্তার থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় রাসেল ও ধামগড় ইউনিয়নের মনারবাড়ি এলাকার খোরশেদের ছেলে সাইফুলকে (৪৩) আসামি করা হয়।
নিহতের স্ত্রী সুমা জানান, পূর্ব শত্রুতার জেরে তার স্বামী মাসুমকে বাসা থেকে ডেকে মোটরসাইকেলে তুলে নিয়ে অপহরণ করা হয়। পরে তাকে কুপিয়ে হত্যা করে লাশ গুম করার জন্য ডোবায় ফেলে দেয়া হয়।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব জানান, এ ঘটনায় দু’জনের নাম উল্লেখ করে মামলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সকালে সোনাচড়া এলাকা থেকে মামলার প্রধান আসামি রাসেলকে গ্রেফতার করা হয়।


