নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, অযৌক্তিক বিল প্রত্যাহার, জ্বালানির মূল্য কমানো এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা ও মহানগর শাখা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে আয়োজিত মানববন্ধনে জেলা ও মহানগর জামায়াতের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীন, মহানগর সেক্রেটারি আ স ম ফারুক, জেলা সেক্রেটারি মো: শফিউদ্দিন, গাজীপুর সিটি করপোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, মহানগর সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম মোল্লা, জেলা সহকারী সেক্রেটারি ও শ্রীপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, মেট্রো সদর থানা আমির অ্যাডভোকেট ছাদেকুজ্জামান খান ও সেক্রেটারি মো: রবিউল হকসহ অন্য নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, গাজীপুরের অধিকাংশ এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাস ও বিদ্যুতের তীব্র সঙ্কট বিরাজ করছে। এতে আবাসিক এলাকায় রান্নার কাজে গ্যাসের অভাব এবং শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত হচ্ছে। অনেক কারখানা আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিক, উদ্যোক্তা ও ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।
তারা আএরা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস ও বিদ্যুতের সঙ্কট এবং জনভোগান্তি দূর করতে কার্যকর পদক্ষেপ না নেয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা।
প্রধানমন্ত্রীর বরাবর দেয়া স্মারকলিপিতে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— আবাসিক ও শিল্পখাতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা, লোডশেডিং বন্ধ করে ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা, গ্যাস ও বিদ্যুতের অযৌক্তিক ও ভুল বিল প্রত্যাহার ও সংশোধন করা, গ্যাস ও বিদ্যুতের মূল্য কমানো এবং লাগামহীন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
স্মারকলিপিতে বলা হয়, গ্যাস ও বিদ্যুতের সঙ্কটের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। জনস্বার্থে উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি হস্তান্তর করেন জেলা ও মহানগর জামায়াতের নেতারা।


