আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য যুব র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে কক্সবাজার হাশেমিয়া আলিয়া মাদরাসা গেট থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হল গেটে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীদের রঙ-বেরঙের টি-শার্ট, জাতীয় পতাকা ও তারুণ্য উদ্দীপনামূলক গান শহরে ভিন্ন আবহ তৈরি করে। প্রধান সড়কের দুই পাশে র্যালি দেখতে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।
র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশ জেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ হেদায়াত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন বিভাগের সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির উদ্বোধন করেন কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।
তিনি বলেন, সম্পদ ও সৌন্দর্যে ভরপুর বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে অপার সম্ভাবনা রয়েছে। সৎ, যোগ্য, খোদাভীরু নেতৃত্ব ও নৈতিকতাসম্পন্ন দেশপ্রেমিক তরুণ প্রজন্ম গড়ে তুলতে পারলে বাংলাদেশ বিশ্বের অন্যতম দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের কারণে দেশের অনেক সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্ভাবনাময় তারুণ্য শক্তিকে পরিকল্পিতভাবে দেশ গড়ার কাজে নিয়োজিত করতে পারলে অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হতে পারে। এজন্য তরুণদের নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত করে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী এ লক্ষ্যেই যুবসমাজের মধ্যে কাজ করে যাচ্ছে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম। এ সময় কক্সবাজার সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক খুরশিদ আলম আনসারী, শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, রামু উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন, সদর উপজেলা সেক্রেটারি আজিজুর রহমান, জেলা যুব ও ক্রীড়া কমিটির সদস্য কামরুল হাসান, সরওয়ার কামাল সিকদার, জাহিদুল ইসলাম নোমান, অ্যাডভোকেট দিদারুল মোস্তফা ও ডা. কায়সার আমীন কায়েসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


