জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শহরের পৌর জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নেতা প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা প্রশাসক মো. আবু সাঈদ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে স্থানীয় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনে আহতদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো: আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, পুলিশ সুপার শাহ মো: আব্দুর রউফ, সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, জেলা জামায়াতের আমির মোবারক হোসেন আকন্দ এবং জেলা এনসিপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ‘জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন এবং ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করতে ভূমিকা রেখেছেন, তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’
তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতে যেন এ দেশে আর কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সংবর্ধনা প্রদান করেন অতিথিরা।


