আশুলিয়ায় হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় ইউপি সদস্য আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া তার বিরুদ্ধে বন বিভাগের একটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
আনোয়ার হোসেন
আনোয়ার হোসেন |নয়া দিগন্ত

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাসেল গাজী হত্যা মামলায় আনোয়ার হোসেন (৫৬) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আনোয়ার হোসেন গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেন।

গ্রেফতার আনোয়ার আশুলিয়ার কবিরপুর এলাকার মরহুম রহিজ উদ্দিন ওরফে রহিম উদ্দিনের ছেলে। তিনি শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

এসআই আনোয়ার হোসেন বলেন, ‘গ্রেফতার আনোয়ারের বিরুদ্ধে বন বিভাগের একটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাসেল গাজী নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলাসহ আরো একটি হত্যা চেষ্টা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ার গাজীরচট এলাকায় রাসেল গাজী গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তী সময়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করা হয়।