দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে দেশব্যাপী গ্যাস সঙ্কট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, দেশের সাধারণ জনগণ বর্তমানে দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছে। অন্যদিকে বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং প্রকৃত ব্যবহার অপেক্ষা অধিক পরিমাণে ভূতুড়ে বিল আদায়ের অভিযোগ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। এর পাশাপাশি চাল, ডাল, তেল, চিনি, সবজি, মাছ, মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে ওঠেছে।
স্মারকলিপি প্রদানের সময় ১১ দলীয় ঐক্যের দিনাজপুর জেলা শাখার নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের দিনাজপুর জেলা শাখার সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, সাবেক আমির আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, খেলাফত আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, এনসিপি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক একরামুল হক আবির, জাগপা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রূপম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা কমিটির আহ্বায়ক মো: রুহুল আমীন, শহর আমির সিরাজুস সালেহীন, কামরুল হাসান রাসেলসহ ১১ দলীয় ঐক্যে নেতাকর্মীরা।


