পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘পুলিশের কোনো সদস্য মাদককারবারের সাথে জড়িত থাকলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া মাদকাসক্ত শনাক্তে তাদের ‘ডোপ টেস্ট’ করা হবে।’
বুধবার (১২ আগস্ট) দুপুরে নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনা রেঞ্জ ডিআইজি আরো বলেন, ‘মব সৃষ্টি, চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পেট্রোলিং ও বিট পুলিশিং ব্যবস্থা জোরদার করা হবে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে সাংবাদিকসহ সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’
তিনি জানান, এ বছর খুলনা বিভাগের ১০ জেলায় পুলিশ বিভাগের পক্ষ থেকে ৫০ হাজার ফলদ, বনজ ও ওষুধি গাছ লাগানো হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার রবিন হালদার ও মোহাম্মদ মহসিন, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সহ-সভাপতি সুলতান মাহমুদ, আজিজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা।


