বাগেরহাটের চিতলমারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষার ফলাফলে বৈষম্যে অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রঞ্জণ হালদারের অপসারণ দাবি করা হয়।
রোববার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম বন্ধ রাখার দাবি জানান।
নিয়োগপ্রত্যাশী ও বিএনপি নেতাদের অভিযোগ, উপজেলা পর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের জন্য সম্প্রতি পরীক্ষা নেয়া হয়। গত ৬ আগস্ট ওই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। তাদের দাবি, প্রকাশিত ফলে আওয়ামী লীগ-সমর্থিত পরিবারের লোকজনকে নিয়োগ দেয়া হয়েছে। ছাত্রদল ও যুবদলের কোনো নেতাকর্মীকে নিয়োগ দেয়া হয়নি। এমনকি আবেদনকারীদের তালিকাও বিএনপি নেতাদের দেখতে দেয়া হয়নি বলে তারা অভিযোগ করেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ইউএনও খাদিজা আক্তার ও সমাজসেবা কর্মকর্তা রঞ্জণ হালদারের মাধ্যমে অনিয়ম করে নিয়োগ দেয়া হয়েছে। তারা প্রকাশিত ফল বাতিল করে পুনর্মূল্যায়নের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবি জানান।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন বাগেরহাট-১ আসনে বিএনপির প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক শিপর মুন্সি, বিএনপি নেতা শেখ জাহিদুর রহমান ও শেখ নোয়াব আলী, যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নিয়ামত আলী খান এবং কৃষক দলের সাধারণ সম্পাদক জবরুল শেখ।
অভিযোগের বিষয়ে জানতে চিতলমারী উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা রঞ্জণ হালদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, পরীক্ষা গ্রহণের পর মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হয়েছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বর্তমানে ওই ফলাফল স্থগিত করা হয়েছে। নিয়োগে কোনো ধরনের দুর্নীতি বা দলীয়করণ করা হয়নি।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, নিয়ম মেনেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তবে মূল্যায়ন সঠিক হয়েছে কি না, তা যাচাই করতে মন্ত্রণালয়ের নির্দেশে ফলাফল স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পুনর্মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে।


