টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং পৃথক ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৯ আগস্ট) পৃথক আদালত আসামিদের এই সাজা দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার স্থলবল্লা গ্রামের সামাদ মিয়ার ছেলে শাহীনুর রহমান।
টাঙ্গাইলের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন নয়া দিগন্তকে জানান, ২০১৯ সালের ৫ অক্টোবর পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে শাহীনুর তার স্ত্রী স্বপ্নাকে বল্লম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা স্বপ্নাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্বপ্নার বাবা মোন্নান মিয়া বাসাইল থানায় মামলা করেন। বিচার শেষে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: হাফিজুর রহমান আসামি শাহীনুরকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অন্যদিকে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস একটি ধর্ষণ মামলায় তিনজন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন। এছাড়া জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন— টাঙ্গাইলের সখিপুর উপজেলার খোরশেদ আলমের ছেলে শহিদ, মরহুম ইদ্রিস আলীর ছেলে ইসমাইল ও মজিবুর রহমানের ছেলে আব্দুর রহমান।


