সিলেটে আরো ২ ডেঙ্গু রোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে ১২১

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় নতুন দু’জনসহ মোট ১২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং এখন পর্যন্ত এতে মারা গেছেন একজন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট জেলার ম্যাপ
সিলেট জেলার ম্যাপ |নয়া দিগন্ত

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো দু‘জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর ফলে চলতি বছরে সিলেটে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১ জনে।

শুক্রবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন ।

নতুন আক্রান্তদের মধ্যে একজন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে এবং অন্যজন সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্রে জানা গেছে, এর মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ৫৮ জন, সিলেটে ২৫ জন, সুনামগঞ্জে ২৩ জন এবং মৌলভীবাজারে ১২ জন আক্রান্ত হয়েছেন।

এছাড়া বিভাগের বাইরের তিনজন রোগীও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, একজন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং একজন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গুতে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার রোধে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।