নেত্রকোনার সীমান্তবর্তী সুসং দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীর তীর থেকে শাহীন চৌধুরী (৫৬) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার বাকলজোড়া মসজিদের পাশে সোমেশ্বরী নদীর তীর থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত শাহীন চৌধুরী উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বরইউন্দ গ্রামের মরহুম লাতিফ চৌধুরীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শাহীন চৌধুরী নেশাগ্রস্ত ছিলেন। প্রায়ই তিনি রাস্তাঘাটে নেশায় আচ্ছন্ন হয়ে পড়ে থাকতেন। রোববার সকালে নদীর তীরে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায়। নিহতের ভাই কায়সার আহমেদ চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে তার ভাইয়ের লাশ শনাক্ত করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


