মেহেরপুরের গাংনী উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী উপজেলা শাখা।
অভিযোগের বিষয়ে বিতর্কিত তালিকা বাতিল করে নিরপেক্ষ, স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে পুনরায় যাচাই-বাছাই করে নিয়োগ দেয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে দলটি।
বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেনের কাছে দেয়া হয়।
এ সময় উপজেলা জামায়াতের আমির ও পৌর মেয়র প্রার্থী মো: রবিউল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মো: আহসানুল হক, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম, পৌর বায়তুলমাল সম্পাদক জিল্লুর রহমান, পৌর যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন, সেক্রেটারি রওশন মাহমুদ, আলমগীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে প্রকাশিত তালিকায় দলীয় বিবেচনা করা হয়েছে। এতে প্রকৃত যোগ্য ও সুবিধাবঞ্চিত ব্যক্তিরা বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি করা হয়।
তাই বিতর্কিত তালিকা বাতিল করে নিরপেক্ষ, স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে পুনরায় যাচাই-বাছাই করে নিয়োগ দেয়ার দাবি জানানো হয়েছে।
এছাড়া নিয়োগ প্রক্রিয়ার তদন্ত, অভিযোগের সুষ্ঠু যাচাই এবং নিরপেক্ষ কমিটির মাধ্যমে পুরো বিষয়টি পুনর্বিবেচনার আহবান জানানো হয়। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানানো হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আনোয়ার হোসেন প্রথমে স্মারকলিপি গ্রহণে আপত্তি জানান। পরে তিনি স্মারকলিপি গ্রহণ করেন।
এ সময় উপস্থিত সাংবাদিকদের ছবি তুলতে নিষেধ করা হয়েছে বলেও জামায়াত নেতারা অভিযোগ করেন। তবে এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


