ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত কিশোর রায়হানের (১৪) হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। নিহত রায়হানের মায়ের নেতৃত্বে ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনারে গিয়ে পথসভায় মিলিত হয়।
শহিদ মিনারে আয়োজিত পথসভায় বক্তব্য দেন নিহত রায়হানের মা হনুফা বেগম। এছাড়া স্থানীয় বাসিন্দা সালা উদ্দিন, ইসমাইল মিয়া ও মাহফুজ মিয়াও সভায় বক্তব্য রাখেন। বক্তারা কিশোর রায়হান হত্যাকাণ্ডের সাথে জড়িত সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভুঁইয়া জানান, রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ৩০ মে রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়ায় মাদক কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় প্রতিপক্ষের আঘাতে সৈয়দটুলা গ্রামের মরহুম ছোটন মিয়ার কিশোর ছেলে রায়হান নিহত হয়।
এ হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত কিশোরের মা হনুফা বেগম।



