ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বটতলা বাজার থেকে জমাদ্দার হাট পর্যন্ত এলজিইডির গুরুত্বপূর্ণ ২ কিলোমিটার সড়ক ও এর তিনটি ব্রিজ সম্পূর্ণ ভেঙে যাতায়াত অনুপযোগী হয়ে পড়েছে।
জরাজীর্ণ এই সড়ক ও ব্রিজগুলো অবিলম্বে পুনর্নির্মাণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত আবেদন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে কাঁঠালিয়া নাগরিক ফোরামের উদ্যোগে এলাকার হাজার হাজার মানুষের দুর্ভোগ লাঘবে এ স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক মো: বাদল হাওলাদার, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক রাহাতুজ্জামান ও ৪ নম্বর সদর ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মো: জাকির হোসেন।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, দ্রুততম সময়ের মধ্যে এলজিইডির আওতায় এ দুই কিলোমিটার রাস্তা ও এর ৩টি ব্রিজ নতুন করে নির্মাণ করা না হলে ওই এলাকার স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে। তাই জনস্বার্থে আশু পদক্ষেপ গ্রহণ করে নতুন ব্রিজ নির্মাণের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘবে উপজেলা নির্বাহী অফিসারের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।


