সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯ জনে। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
রোববার (২ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জন, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জন, সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জন, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১ জন ভর্তি রয়েছেন।
জেলাওয়ারি হিসাবে, সিলেটে ২৩ জন, সুনামগঞ্জে ২১ জন, হবিগঞ্জে ৫২ জন এবং মৌলভীবাজারে ১০ জন ডেঙ্গু শনাক্ত হয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নেয়া ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ১ জন, নেত্রকোনার ১ জন ও বরিশালের ১ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে ডেঙ্গুতে এখন পর্যন্ত কোনো মৃত্যু না হলেও মোট শনাক্তের সংখ্যা ১০৯ জন।


