যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে প্রথমে মহানগরীর টিকাপাড়া গোরস্থানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত এবং পরে সিএন্ডবি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৮টায় শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান, শহীদ সাকিব আনজুমের বাবা মো: মাইনুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
পরে শহীদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর সকাল ৯টায় সিএন্ডবি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, শহীদ সাকিব আনজুমের পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, জেলা প্রশাসক, আরএমপি কমিশনার, রাজশাহী রেঞ্জের ডিআইজি, জেলা পরিষদের প্রশাসকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
পরে শহীদদের রূহের মাগফেরাত, জুলাই যোদ্ধাদের সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে সরকার সবসময় থাকবে। শহীদদের আত্মত্যাগের চেতনা সমুন্নত রেখে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে। একইসাথে শহীদ পরিবার ও আহতদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে।’
শহীদ সাকিব আনজুমের বাবা মো: মাইনুল হক তার সন্তান হত্যার বিচার এবং জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘আমার মতো আর কোনো বাবাকে যেন সন্তান হারানোর বেদনা সহ্য করতে না হয়।’
রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন বলেন, ‘সরকার শহীদ পরিবার ও আহতদের পাশে রয়েছে। রাজশাহী সিটি করপোরেশনও তাদের কল্যাণে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।’
এদিকে দিবসটি উপলক্ষে সকাল থেকেই সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ স্মৃতিস্তম্ভে সমবেত হন। তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।


