রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাটকানপাড়া এলাকায় একটি বিল থেকে রেজাউল করিম (৫০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) দুপুরে হাটকানপাড়া এলাকায় বিদ্যুৎ অফিসের উপকেন্দ্রের পশ্চিম পাশে হাফেজিয়া মাদরাসার পাশের একটি বিলে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। পরে তারা বিষয়টি থানায় জানালে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
নিহত রেজাউল করিম বাগমারা উপজেলার সোনাডাঙা ইউনিয়নের ভরট্ট গ্রামের বাসিন্দা রমজান আলীর ছেলে।
স্থানীয় গ্রামপুলিশ বাবুল হোসেন বলেন, কয়েকজন কৃষক জমিতে একজনের লাশ পড়ে থাকতে দেখে আমাকে খবর দেন। পরে আমি বিষয়টি থানায় জানাই।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মজিদ বলেন, স্থানীয়দের দেয়া ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। ওসির নির্দেশনায় লাশটি মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করা হলেও শরীরের কোথাও দৃশ্যমান আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থলেই এক স্বজনের মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে।
তিনি আরো বলেন, লাশটি থানায় নেয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।


