উজিরপুরে জুনের পর জুলাইয়েও অতিরিক্ত বিদ্যুৎ বিল, তীব্র ক্ষোভ

বরিশালের উজিরপুরে টানা দ্বিতীয় মাসের মতো অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগে গ্রাহকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)

Location :

Wazirpur
উজিরপুরে জুনের পর জুলাইয়েও অতিরিক্ত বিদ্যুৎ বিল, তীব্র ক্ষোভ
উজিরপুরে জুনের পর জুলাইয়েও অতিরিক্ত বিদ্যুৎ বিল, তীব্র ক্ষোভ |সংগৃহীত

বরিশালের উজিরপুরে টানা দ্বিতীয় মাসের মতো অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগে গ্রাহকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

জুন মাসের পর জুলাই মাসের বিল হাতে পেয়েও অধিকাংশ গ্রাহক দাবি করছেন—স্বাভাবিক ব্যবহারের তুলনায় তাদের বিল কয়েক গুণ বেশি এসেছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পেয়েও এমন অস্বাভাবিক বিলে অতিষ্ঠ হয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ ও অসন্তোষ প্রকাশ করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শোলক ইউনিয়নের দত্তসার গ্রামের মিজানুর রহমান বিশ্বাস বলেন, ‘একদিকে তীব্র গরমের মধ্যে নিয়মিত লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট, অন্যদিকে বিল এসেছে অস্বাভাবিক। জুন মাসের পর আশা করেছিলাম জুলাইয়ে সমস্যার সমাধান হবে, কিন্তু কোনো পরিবর্তন নেই।’

একই গ্রামের বাসিন্দা বাবু সরদার বলেন, ‘অনেকেই ফেসবুকে বিলের কপি পোস্ট করে বিদ্যুৎ বিভাগের চরম অব্যবস্থাপনার কথা তুলে ধরছেন। সাধারণ গ্রাহকদের স্বার্থে এ বিষয়ে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি।’

এদিকে, সারা দেশে জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ ওঠার পর বিদ্যুৎ বিভাগ সব অভিযোগ তদন্ত ও দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দিয়েছিল। পাশাপাশি বিল তৈরিতে কোনো কারিগরি বা করণিক ত্রুটি থাকলে তা সংশোধনের আশ্বাসও দেয়া হয়েছিল। তবে মাঠপর্যায়ে সেটির কার্যকর প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলছেন গ্রাহকরা।

এ বিষয়ে উজিরপুর উপজেলা পল্লী বিদ্যুৎ ডিজিএম গোপাল চন্দ্র শিব বলেন, ‘গ্রাহকদের অভিযোগ গ্রহণের জন্য আমাদের নির্ধারিত অভিযোগ কেন্দ্র ও হটলাইন চালু রয়েছে। অতিরিক্ত বিল বা মিটার-সংক্রান্ত যেকোনো সমস্যা নিয়ে গ্রাহকরা সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করলে আমরা তা যাচাই-বাছাই করে সংশোধন করে দেবো।’

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলী সুজা বলেন, ‘বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত সমাধানের নির্দেশ দেয়া হবে। কোনো গ্রাহক সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’