বিএনপির অঙ্গসংগঠন যুবদলের সন্ত্রাসীদের হামলায় নিহত সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে গাইবান্ধার সাঘাটায় জনসমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান।
সোমবার (১০ আগস্ট) সাঘাটার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় এ জনসমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলার নায়েবে আমির ও বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল ওয়ারেছ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
এছাড়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতারা সমাবেশে বক্তব্য দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ জানান, গাইবান্ধা জেলার সাতটি উপজেলার জামায়াতে ইসলামী ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেবেন। নিহত সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
আয়োজকরা জানান, এই জনসমাবেশ থেকে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হবে।


