মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
ফিটনেস ও লাইসেন্সবিহীন বাস এবং অদক্ষ চালক দিয়ে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে চলাচলকারী দূরপাল্লার বাসগুলোর বিরুদ্ধে মানববন্ধন করেছে মতলবের সচেতন সমাজ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ৩টায় মতলব দক্ষিণ উপজেলা সদরের পানির ট্যাংকি এলাকায় অটোগাড়ি মালিক ও ড্রাইভার কল্যাণ সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন অটোগাড়ি মালিক ও ড্রাইভার কল্যাণ সমিতির সভাপতি মাওলানা আনসার উদ্দিন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান।
মানববন্ধনে বক্তারা বলেন, বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে দুর্ঘটনায় পঙ্গুত্ব ও প্রাণহানি রোধ করতে হলে অদক্ষ চালক ও হেলপার দিয়ে ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধ করতে হবে। এই সড়কে চলাচলকারী জৈনপুর পরিবহন, জৈনপুর এক্সপ্রেস ও মতলব এক্সপ্রেস নামীয় বাসগুলোর চালকদের বাধ্যতামূলক ডোপ টেস্ট করানো উচিত। সড়কের বাঁকগুলোতে চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই প্রতিনিয়ত হতাহতের ঘটনা ঘটছে। এসব বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চাই; নতুবা অদক্ষ চালক ও হেলপার দিয়ে ফিটনেসবিহীন বাস সড়কে চলাচল করতে দেয়া হবে না।
মানববন্ধনে কল্যাণ সমিতির সহ-সভাপতি শাহ জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাবু, কোষাধ্যক্ষ আক্তার হোসেন, মতলব দক্ষিণ উপজেলা থেকে চলাচলকারী অটোগাড়ির মালিক ও চালকসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (৫ আগস্ট) মতলব-বাবুরহাট সড়কের রালদিয়া এলাকায় জৈনপুর পরিবহন বাসের ধাক্কায় সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। এতে ১ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হন।


