বরিশালে সাহিত্য আড্ডা ও মুক্তবুলি ৪১তম সংখ্যার মোড়ক উন্মোচন

বরিশালে সাহিত্য আড্ডায় মুক্তবুলি ম্যাগাজিনের ৪১তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।

Location :

Barisal Sadar
বরিশালে সাহিত্য আড্ডা ও মুক্তবুলি ৪১তম সংখ্যার মোড়ক উন্মোচন
বরিশালে সাহিত্য আড্ডা ও মুক্তবুলি ৪১তম সংখ্যার মোড়ক উন্মোচন |নয়া দিগন্ত

বরিশাল ব্যুরো

বরিশালে সাহিত্য আড্ডায় মুক্তবুলি ম্যাগাজিনের ৪১তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় মুক্তবুলি গণগ্রন্থাগারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার সভাপতি কবি মুস্তফা হাবীব।

সাহিত্যচর্চা, সৃজনশীল চিন্তার বিকাশ এবং লেখক-পাঠকের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের লক্ষ্যে নব ভাবনা লেখক ফোরাম এবং মুক্তবুলি পাঠক ফোরামের যৌথ আয়োজনে এদিন অনুষ্ঠিত হয় ‘নব ভাবনা, মুক্তবুলি ও নাগরিক’ মাসিক সাহিত্য আড্ডা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব ভাবনা লেখক ফোরামের সভাপতি, কবি ও প্রাবন্ধিক জামান মনির।

প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মুক্তবুলি সম্পাদক আযাদ আলাউদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে কবি মুস্তফা হাবীব বলেন, ‘একটি জাতির মনন, মূল্যবোধ ও সাংস্কৃতিক বিকাশে সাহিত্যচর্চার বিকল্প নেই। প্রযুক্তিনির্ভর এই সময়ে বই পড়া, সাহিত্যচর্চা এবং নিয়মিত সাহিত্য আড্ডা নতুন প্রজন্মকে মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবীন ও প্রবীণ লেখকদের মধ্যে এমন মিলনমেলা সাহিত্য অঙ্গনকে আরো সমৃদ্ধ করবে।’

সভাপতির বক্তব্যে প্রাবন্ধিক জামান মনির বলেন, ‘নব ভাবনা লেখক ফোরাম সবসময় সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে। সাহিত্য আড্ডা কেবল কবিতা বা গল্প পাঠের আসর নয়, এটি চিন্তা, দর্শন ও সৃজনশীলতার আদান-প্রদানের একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। আমরা চাই এই আয়োজনের মাধ্যমে নতুন লেখক ও পাঠকদের জন্য আরো বিস্তৃত সুযোগ তৈরি হোক।’

প্রধান আলোচক সাংবাদিক আযাদ আলাউদ্দীন সমসাময়িক সাহিত্য, পাঠাভ্যাস এবং গণমাধ্যমে সাহিত্যচর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, সাহিত্যকে সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে লেখক, পাঠক ও সাংস্কৃতিক কর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শেকড় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি পথিক মোস্তফা, জাতীয় কবিতা পরিষদ-বরিশাল শাখার সাধারণ সম্পাদক কবি মাহবুব রহমান, প্রভাষক রাজু আহমেদ, দৈনিক কীর্তনখোলা সম্পাদক মৌমিতা বিনতে মিজান, নব ভাবনা লেখক ফোরামের সাধারণ সম্পাদক ও গবেষক মাহমুদ ইউসুফ, নব ভাবনা লেখক ফোরামের বিভাগীয় অ্যাম্বাসেডর কবি জিল্লুর রহমান জিল্লু, শেকড় সাহিত্য সংসদের সদস্য কবি সজীব তাওহীদ, কবি ইয়াসমীন অজান্তা, কবি শাহানাজ পারভীন, কবি সুলতানা রাজিয়া তুলি, কবি বিজন বেপারী, এনামুল হক খান, সাজেদুল ইসলাম অর্পণ, মো: নাজিম উদ্দিন, মুক্তবুলি ও দৈনিক বাংলাদেশ বাণীর বিজ্ঞাপন ব্যবস্থাপক মো: খলিলুর রহমান, কবি মীর মোহাম্মদ রাকিব, কবি মো: হুমায়ুন কবির, ফজলে রাব্বি, কবি মায়াবী কাজল, হাবিবুর রহমান এবং কবি সাইফুল্লাহ সাইফ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নব ভাবনা লেখক ফোরামের সদস্য কবি আহমেদ বেলাল। সাহিত্য আড্ডায় অংশগ্রহণকারী কবি, সাহিত্যিক ও লেখকরা নিজেদের কবিতা, প্রবন্ধ, ছোটগল্প ও সাহিত্য ভাবনা উপস্থাপন করেন। মুক্ত আলোচনা, মতবিনিময় এবং সাহিত্য পাঠের মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, সাহিত্যচর্চার ধারাবাহিকতা বজায় রাখতে এবং নতুন লেখকদের উৎসাহিত করতে ‘নব ভাবনা, মুক্তবুলি ও নাগরিক’ মাসিক সাহিত্য আড্ডা প্রতি মাসের প্রথম শনিবার নিয়মিত অনুষ্ঠিত হবে।