পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু ও দুইজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (২ আগস্ট) উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন কুশারীগাঁও গ্রামের মুদি দোকান মালিক মহেন রায়ের স্ত্রী শান্তি রানী এবং একই গ্রামের মরহুম বেয়ারু রামের ছেলে সুয়ের রাম। আহতরা হলেন একই গ্রামের টেপরা ও শাহলন।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, কুশারীগাঁও গ্রামের একটি মুদি দোকানে চারজন বসে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা সবাই গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


