গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক মাঠে ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় আনজুয়ার বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সাদুল্লাপুর-ভাতগ্রাম সড়কের জামলারজান ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ আনজুয়ার বেগম উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা গ্রামের নুরুজ্জামান মিয়ার স্ত্রী।
স্থানীয়দের রবাত দিয়ে ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান বলেন, ঘটনার সময় আনজুয়ারা বেগম তার একটি ছাগল মাঠে ছেড়ে দিয়ে রাস্তার পাশে বসেছিলেন। এ সময় সাদুল্লাপুর অভিমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আনজুয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজন সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


