বাউবিতে ‘স্কুল অব ল’-এর উদ্যোগে ওয়েবিনার অনুষ্ঠিত

ওয়েবিনারে শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ও মুখ্য আলোচক তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সারা দেশের আইন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় |সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ‘স্কুল অব ল’-এর ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি অ্যাওয়ার্নেস ক্লাবের উদ্যোগে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা প্রস্তুতি ও দিক-নির্দেশনা বিষয়ক বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জুলাই) সন্ধায় ঢাকায় ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের সিভিল জজ জীবন নাহার নয়ন। তিনি বিজেএস পরীক্ষায় সফলতার জন্য নিয়মিত ও কঠোর অধ্যবসায়, সিলেবাস সম্পর্কে স্পষ্ট ধারণা ও গুরুত্বপূর্ণ আইনসমূহ ভালোভাবে আয়ত্ত করার ওপর গুরুত্বারোপ করেন। একইসাথে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থেকে নোট করে পড়াশোনা ও স্বাস্থ্যের প্রতি যত্ন নেয়ার পরামর্শ দেন।

ওয়েবিনারে সঞ্চালনা করেন স্কুল অব ল-এর প্রভাষক ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি অ্যাওয়ার্নেস ক্লাবের কো-অর্ডিনেটর রিচিমনি প্রমা। তিনি বলেন, ‘বিজেএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে কঠোর পরিশ্রম ও ত্যাগের মানসিকতা থাকতে হবে।’

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও স্কুল অব ল-এর ডিন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী বলেন, ‘শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি অ্যাওয়ার্নেস ক্লাবের উদ্যোগে বিজেএস, লিগ্যাল প্রফেশন, রিসার্চ ও অ্যাকাডেমিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে ক্যারিয়ার প্রস্তুতিতে শিক্ষার্থীদের দিক-নির্দেশনা দেয়া হচ্ছে।’

তিনি মুখ্য আলোচককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ওয়েবিনারে শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ও মুখ্য আলোচক তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সারা দেশের আইন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।