বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্ত ৪৫ জনকে ১৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় হলরুমে ওই চেক বিতরণ করা হয়।
চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দ্বীপান্বিতা ভট্টাচার্যের সভাপতিত্বে ও জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা ইসরাইল হকের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ আজিজুর রহমান, নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: জুলকারনাইন শাওন, উপসহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
এর আগে বিশ্ব হাতি দিবস উপলক্ষে ‘বিশ্বজুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে গাছের চারা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা হাতিকে আক্রমণ না করে বনাঞ্চলে হাতির জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।


