প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

বিদেশী আগ্রাসনবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষায় সবসময় সোচ্চার বিএনপি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি দল, যে দল মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও বহন করে।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন |নয়া দিগন্ত

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি দল, যে দল মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও বহন করে।

বিদেশী আগ্রাসনবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষার জন্য সবসময় সোচ্চার ছিল বিএনপি। আমাদের শক্তি দেশের জনগণ। কোনো বিদেশী শত্রুকে আমরা পরোয়া করি না। দেশের জনগণের এই শক্তিকে সাথে নিয়েই আমরা একটি স্বাধীন, সার্বভৌম ও উন্নত দেশ গড়ে তোলার জন্য কাজ করে যাব, ইনশাআল্লাহ।

মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার স্যার জগদীশ জে.সি. বোস ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ এবং বিক্রমপুর ভূঁইয়া মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইশরাক হোসেন।

তিনি বলেন, "আমরা যে যে দলই করি না কেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। একাধিক রাজনৈতিক দল থাকবে, তবে রাষ্ট্রের ও জনগণের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ কেউ যেন না নিতে পারে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।"

প্রতিমন্ত্রী ইশরাক আরো বলেন, "বিগত দেড় দশকের ফ্যাসিবাদী আমলে দেশের বিভিন্ন সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর মধ্যে জ্বালানি খাতকে মাফিয়াতন্ত্র কয়েকটি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হয়েছিল। এসব সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয়েছে। এ ধরনের ভয়াবহ পরিস্থিতি আমরা দেখেছি।"

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই জ্বালানি নীতিমালার ফলাফল আজকে ভোগ করতে হচ্ছে বলে মন্তব্য করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী আরও বলেন, জ্বালানি খাতকে ফ্যাসিবাদমুক্ত এবং সিন্ডিকেটের নিয়ন্ত্রণ থেকে বের করে আনতে বর্তমান সরকার দক্ষতার সঙ্গে সঠিক এবং দীর্ঘমেয়াদি নীতিমালা প্রণয়নে কাজ করছে। রাষ্ট্র এবং জনগণের কল্যাণে আগামী সংসদে এসব নীতিমালা উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

ইশরাক হোসেন বলেন, আগামীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের পুনর্বাসন ও কল্যাণে এবং আহতদের কর্মক্ষম করে কর্মসংস্থান তৈরি সহ সুনির্দিষ্ট কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। অথচ বর্তমানে আন্দোলনের নামে যারা নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টি করছেন, তাদের কেউ কেউ এখন জ্বালানি ইস্যু নিয়েও আন্দোলন করতে চাইছেন।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর ধরে গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।