কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের সুনছড়া ও ডবলছড়া এলাকায় কৃষিপণ্য জোরপূর্বক লুট এবং পান গাছ কেটে ফেলার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
কৃষি পণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন
কৃষি পণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন |নয়া দিগন্ত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের সুনছড়া ও ডবলছড়া এলাকায় কৃষি পণ্য জোরপূর্বক লুট এবং পান গাছ কেটে ফেলার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) উপজেলার চৌমুহনী এলাকায় আয়োজিত এ মানববন্ধনে চা শ্রমিক, স্থানীয় বাসিন্দা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ডবলছড়া (সুনছড়া) চা বাগানের নন-ওয়ার্কার শ্রমিকরা নিজেদের বসতভিটার আশপাশ ও বাগানের পতিত জমিতে পান, লেবুসহ বিভিন্ন কৃষি পণ্যের চাষ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু একটি প্রভাবশালী দুর্বৃত্তচক্র তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে বাধা দিয়ে জোরপূর্বক কম দামে বিক্রি করতে বাধ্য করছে। বাজারে বা অন্য ক্রেতার কাছে পণ্য বিক্রির চেষ্টা করলে হুমকি ও বাধার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরো জানান, এসব অন্যায়ের প্রতিবাদ করায় কয়েকজন কৃষক ও শ্রমিকের পান গাছসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছ কেটে ফেলা হয়েছে এবং তাদের কৃষি পণ্য লুট করা হয়েছে। এতে ভুক্তভোগী কৃষকরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।

মানববন্ধনে বক্তব্য দেন চা শ্রমিক আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল বাড়াইক, প্যানেল চেয়ারম্যান ইয়াকুব আলী, ইউপি সদস্য পারতালি রাজভর, গোপাল গোয়ালা, জনক লাল দেশওয়ারা, লসমি রাণি রাজভর, চা-শ্রমিক ও দলিত জনগোষ্ঠীর নেতা সুনীল মৃধা, নারী নেত্রী গীতা কানু, সীতারাম বীন ও কমলগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রত্যুষ ধর।

বক্তারা কৃষি পণ্য লুট ও পান গাছসহ ফলদ ও বনজ গাছ কাটার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে ঘটনার দ্রুত প্রতিকার দাবি করেন।