সিলেট বিভাগে থামছে না ডেঙ্গুর সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন ও সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ১১৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ৫৭ জন, সিলেটে ২৫ জন, সুনামগঞ্জে ২৩ জন ও মৌলভীবাজারে ১১ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া বিভাগের বাইরের তিনজন রোগীও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে তিনজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ও দু’জন সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গুতে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জেলাভিত্তিক হিসাবে সিলেটে একজনের মৃত্যু হলেও হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার রোধে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।


