কিশোরগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২

ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি বাস পাকুন্দিয়া পৌর সদরের বরাটিয়া চৌরাস্তা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি সাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Kishoreganj
কিশোরগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২
কিশোরগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২ |প্রতীকী ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো দুজন।

শনিবার সকাল ৬টার দিকে পৌরসদরের বরাটিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো: সেলিম মিয়া (৩৫)। তিনি উপজেলার বাহাদিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন পৌরসদরের বরাটিয়া গ্রামের সিরাজুল হকের ছেলে রেনু মিয়া ও পাকুন্দিয়া এলাকার রইছ উদ্দিনের ছেলে ছোটন মিয়া।

পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি বাস পাকুন্দিয়া পৌর সদরের বরাটিয়া চৌরাস্তা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সেলিম মিয়া নামের এক অটোরিকশাযাত্রী নিহত হন। এ সময় সাইকেল আরোহী এবং অটোরিকশার চালক ও অপর এত যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত তিনজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে অজ্ঞাত পরিচয়ের একজন মারা যান।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, অনন্যা পরিবহনের চালক ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: বায়োজিদ মাহমুদ বলেন, হাসপাতালে আনার আগেই একজন মারা যান। আহত তিনজনের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া যায়নি। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করে বলেন, একজন ঘটনাস্থলেই মারা গেছেন। কিশোরগঞ্জ নেয়া হলে সেখানে আরো একজন মারা যান। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি জানান, লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সূত্র : বাসস