কক্সবাজারের ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের কালিরছড়ায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক থেকে এ লাশটি উদ্ধার করেছে রামু হাইওয়ে থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা রামু হাইওয়ে থানার পুলিশকে খবর দেয়। স্থানীয়দের ধারণা, অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
ঈদগাঁও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী জানান, লাশ উদ্ধারের পর রামু হাইওয়ে থানা পুলিশ তার সাথে যোগাযোগ করে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি।
রামু হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।


