চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দামুড়হুদা সংবাদদাতা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত এলাকায় প্রায় সাত কেজি ওজনের ৩৯টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে উপজেলার পারকৃষ্ণপুর সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. রবিউল ইসলাম (৩৪)। তিনি দর্শনা থানার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, পারকৃষ্ণপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচার হতে পারে—এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। বিকেল ৪টা ২০ মিনিটের দিকে সীমান্তের ৭৮ নম্বর পিলারের দিকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় রবিউল ইসলামকে সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে থামার সঙ্কেত দেন।
পরে তার শরীর তল্লাশি করে ছোট-বড় বিভিন্ন আকারের ৩৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি বাটন ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল ইসলাম স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।
তিনি আরো জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাকে দর্শনা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সাথে জব্দ করা স্বর্ণ জেলা ট্রেজারি অফিসে জমা দেয়ার কার্যক্রমও শুরু হয়েছে।


