কুমিল্লার দেবিদ্বারে বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস প্রয়াত আবদুল আউয়াল খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে মরহুম আবদুল আউয়াল খান স্মৃতি সংসদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ২০ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান বিএনপির এই নেতা।
দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি।
প্রধান বক্তা ছিলেন গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মীর নেওয়াজ আলী নেওয়াজ, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, একরামুল হক বিপ্লব, ওমর ফারুক সাফিন ও সালাহ উদ্দিন ভূঁইয়া শিশির, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম, যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম, ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী ও অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু।
স্মরণসভায় বক্তারা বলেন, ‘আবদুল আউয়াল খান ছিলেন রাজপথের নির্ভীক যোদ্ধা ও তৃণমূল নেতাকর্মীদের শেষ আশ্রয়স্থল। ঢাকা কলেজ ছাত্র সংসদ থেকে শুরু করে জাতীয় রাজনীতি—প্রতিটি ক্ষেত্রেই তিনি ছিলেন দলের প্রতি অবিচল ও নিবেদিতপ্রাণ। আন্দোলন-সংগ্রামে তাঁর ত্যাগ এবং দুঃসময়ে দলকে সুসংগঠিত রাখতে তার অসামান্য অবদান বিএনপি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম আজাদ, মরহুম আবদুল আউয়াল খানের ছেলে আরাইয়া খান আরাবী এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নাজমুল হাসান সরকারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।


