১১ শিক্ষক ৩ জন পরীক্ষার্থী পাস করেনি একজনও!

জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য

‘ইসলামপুরে একটি স্কুল ও একটি দাখিল মাদরাসার পাসের হার শূন্য, যা দুঃখজনক। দাখিল মাদরাসাটি হলো উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের বীর মাইজবাড়ি দাখিল মাদরাসা।’

খাদেমুল বাবুল, জামালপুর

Location :

Jamalpur

ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়। এমপিওভুক্ত এই বিদ্যালয়ে ১১ জন শিক্ষক ও তিনজন কর্মচারীকে বেতন দিচ্ছে সরকার।

এবারের এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয়টি থেকে অংশ নিয়েছিল মাত্র তিনজন পরীক্ষার্থী। কিন্তু সোমবার (৯ আগস্ট) প্রকাশিত ফলাফলে দেখা যায়, এখান থেকে পাস করেনি একজনও।

এ ব্যাপারে ওই স্কুলের প্রধান শিক্ষক মো: সাইফুল্লার সাথে মোবাইল ফোনে যোগাযোগে চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইসলামপুরে একটি স্কুল ও একটি দাখিল মাদরাসার পাসের হার শূন্য, যা দুঃখজনক। দাখিল মাদরাসাটি হলো উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের বীর মাইজবাড়ি দাখিল মাদরাসা।’

এছাড়া বকশীগঞ্জ উপজেলার শেফালী মফিজ মহিলা মাদরাসা থেকে ১৪ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে একজনও পাসের মুখ দেখেনি।

একই অবস্থা সরিষাবাড়ী উপজেলার ছাপরকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়েও। এমপিওভুক্ত এই প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় ১১ জন শিক্ষার্থী অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি।

সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর কবীর বলেন, ‘ছাপরকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে একজনও পাস করতে পারেনি।’