মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামে স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বহনে ব্যবহৃত স্যালো ইঞ্জিনচালিত একটি অবৈধ গাড়ির চাকায় পিষ্ট হয়ে আমির হামজা (৬) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২ আগস্ট) দুপুরে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত আমির হামজা রামনগর গ্রামের বাজারপাড়ার আব্দুল হাকিমের ছেলে এবং রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বিতরণের জন্য ব্যবহৃত স্যালো ইঞ্জিনচালিত গাড়িটির ওপর অন্য শিশুদের সঙ্গে খেলছিল আমির হামজা। এ সময় চালক অসাবধানতাবশত গাড়িটি চালিয়ে দিলে ভারসাম্য হারিয়ে সে নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় শিশুটি।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বামন্দীর একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনায় পুরো রামনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানের এমন করুণ মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। এলাকাবাসী এ ধরনের ঝুঁকিপূর্ণ ও অবৈধ যানবাহন দিয়ে স্কুল ফিডিং কার্যক্রম পরিচালনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


