সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একান্ত সচিব মো: হাসনাত হোসেন ও জগন্নাথপুর উপজেলার নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুকে জেল হাজতে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত।
বুধবার (১০ জুন) সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক নুরুল হক এবং জগন্নাথপুর আমলি আদালতের বিচারক মো: এমদাদ হোসেনের আদালতে পৃথকভাবে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
২০২৪ সালের ২ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও সাবেক তিন সংসদ সদস্যসহ (এমপি) ৯৯ জনের বিরুদ্ধে আদালতে দ্রুত বিচার আইনে মামলা করা হয়। এতে সুনামগঞ্জের সাবেক তিন পুলিশ কর্মকর্তাকেও আসামি করা হয়েছিলেন। ওই মামলায় হাসনাতকে আসামি করা হয়। হাফিজ আহমদ নামের এক ব্যক্তি সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে এ মামলা করেন।
হাফিজ আহমদ দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের বাসিন্দা। তিনি সুনামগঞ্জ পৌর শহরে ২০২৪ সালের চার আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহত জহুর আলীর বড় ভাই বলে জানা গেছে।
অন্যদিকে, গত বছরের ১৯ নভেম্বর জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর, চুরি ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সাবেক মন্ত্রী এম এ মান্নান, রেজাউল করিম রিজুসহ ৪৯ নেতা কর্মীর বিরুদ্ধে মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নূর মামলা দায়ের করেন।



