রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের রাজনগরে ব্রিজের রেলিং ভেঙে খালে পড়েছে একটি তেলবাহী ট্রাক। এ ঘটনায় ট্রাকের চালক রুমান মিয়া (৪৫) নিহত হয়েছেন এবং হেলপার (চালকের সহকারী) মো: শরিফ মিয়া (২৪) গুরুতর আহত হয়েছেন।
বুধবার (সকালে) উপজেলার ধামাইপার এলাকায় মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক রুমান মিয়া নারায়গঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার উত্তর রূপসী গ্রামের মরহুম খালেক সরকারের ছেলে এবং হেলপার মো: শরিফ মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার তাহিরপুর গ্রামের মো: মিলন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তেল নিয়ে ট্রাকটি সিলেটের দিকে যাচ্ছিল। ধামাইপার ব্রিজে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খালে পড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই চালক রুমান মিয়া নিহত হন। এ ঘটনায় ট্রাকটির হেলপার মো: শরীফ মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
খবর পেয়ে রাজনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আলী হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরা যোগ দেন। রেকার ভ্যান ও প্রয়োজনীয় সরঞ্জামের সহায়তায় যৌথ অভিযানে ট্রাকটি থেকে চালককে উদ্ধার করা হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ট্রাকে চালক ও হেলপার ছিলেন। চালক রুমান মিয়া নিহত হয়েছেন এবং হেলপার শরীফ মিয়াকে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


